মধ্যপ্রাচ্য

ওমানের সঙ্গে নতুন নৌপথে সমঝোতা, তবুও খুলছে না হরমুজ প্রণালি

পায়েল জাহান

13 সেপ্টেম্বর 2026, 06:41 পূর্বাহ্ন

ওমানের সঙ্গে নতুন নৌপথে সমঝোতা, তবুও খুলছে না হরমুজ প্রণালি

ওমানের সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নতুন পথ নির্ধারণে সমঝোতা হলেও, আপাতত প্রণালিটি খুলছে না ইরান। ইরানের আলোচনাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ রাখবে তেহরান। তবে শর্তগুলো কী, তা প্রকাশ করা হয়নি। ইরাকি বার্তাসংস্থা শাফাক নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। একই তথ্য শনিবার ইরানের তাসনিম নিউজ এজেন্সিকেও জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তার দাবি, মধ্যস্থতাকারীদের মাধ্যমে শর্তগুলো যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। গত আগস্টের শেষ দিকে ইরান ও ওমান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সম্ভাব্য নতুন রুট নিয়ে সমঝোতায় পৌঁছায়। প্রস্তাবিত ব্যবস্থায় উপসাগরে প্রবেশকারী জাহাজের পথ ইরানের জলসীমা দিয়ে যাবে এবং বের হওয়ার পথের একটি অংশও ইরানের জলসীমার মধ্য দিয়ে নির্ধারণ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র যে দক্ষিণাঞ্চলীয় রুট পুনরায় চালুর চেষ্টা করেছিল, সেটি এই ব্যবস্থায় থাকবে না। তবে এই সমঝোতা জাহাজ চলাচল তাৎক্ষণিকভাবে শুরুর অনুমতি নয়। বরং ভবিষ্যতে হরমুজ প্রণালি খুললে কোন রুটে জাহাজ চলাচল করবে, সেই কাঠামো নির্ধারণ করতেই চুক্তিটি করা হয়েছে। এদিকে সোমবার ওমানে ইরান, ওমান, উপসাগরীয় দেশগুলো ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইরান ও ওমান তাদের আলোচনার ফলাফল তুলে ধরবে। তবে বাহরাইন জানিয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত তারা বৈঠকে অংশ নেবে না।

সংবাদটি শেয়ার করুন